বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে সঞ্চয়, জমিজমা এমনকি বসতভিটাও হারাচ্ছে অনেক পরিবার। দীর্ঘমেয়াদি চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, অস্ত্রোপচার ও পরীক্ষা-নিরীক্ষার ব্যয় মেটাতে গিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা। অন্যদিকে সরকারি হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের কারণে রেডিওথেরাপির মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পেতেও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। ফলে একদিকে বেসরকারি চিকিৎসার বিপুল ব্যয়, অন্যদিকে সরকারি হাসপাতালে দীর্ঘ অপেক্ষা—দুই সংকটের মধ্যে পড়েছেন ক্যানসার আক্রান্ত রোগীরা।
কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম এরই মধ্যে ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় ব্যয় করেছেন প্রায় ৩০ লাখ টাকা। রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। নিজের সঞ্চয় শেষ হওয়ার পর জমিজমা ও বসতভিটা বিক্রি করে চিকিৎসার খরচ জোগাচ্ছেন। কিন্তু এত অর্থ ব্যয়ের পরও চিকিৎসা শেষ হয়নি। নতুন করে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
প্রায় ৩০ বছর একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আব্দুর রহিম। ২০২৪ সালের শুরুতে স্থানীয় চিকিৎসকের কাছে যাওয়ার পর ফুসফুসে সমস্যার বিষয়টি জানতে পারেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসে প্রথমে মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসার প্রয়োজন দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে বেসরকারি ডেল্টা হাসপাতালে ভর্তি হন তিনি।
আব্দুর রহিমের ভাষ্য, শুরু থেকেই তাঁকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২১টি কেমোথেরাপি নিয়েছেন তিনি। প্রথম দিকে প্রতিটি কেমোথেরাপির জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হলেও পরে তা বেড়ে এক লাখ থেকে দেড় লাখ টাকায় দাঁড়ায়। বর্তমানে একটি কেমোথেরাপি নিতে ব্যয় হচ্ছে প্রায় দেড় লাখ টাকা। এ ছাড়া ১৫টি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। প্রতিটির জন্য খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা।
কেমোথেরাপি ও রেডিওথেরাপির বাইরে পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, চিকিৎসকের ফি, হাসপাতালে ভর্তি, শয্যাভাড়া ও খাবারের খরচও রয়েছে। সব মিলিয়ে ডেল্টা হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি। এত অর্থ খরচের পরও পুরোপুরি সুস্থ হতে পারেননি। চিকিৎসকেরা আবারও কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
শুধু আব্দুর রহিম নন, ক্যানসারের চিকিৎসা চালাতে গিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন বগুড়ার শিবগঞ্জের ৩৫ বছর বয়সী মাওয়াজ হোসেনের পরিবারও। মিরপুর বাংলা কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী মাওয়াজের মা ফাহিমা বেগমের বয়স ৪৫ বছর। তাঁর স্তন ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকেই চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা।
প্রথমে বগুড়ায় মায়ের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করান তাঁরা। পরে বায়োপসির নমুনা ঢাকায় পাঠানো হয়। ১৭ অক্টোবর প্রতিবেদন পাওয়ার পর ক্যানসার শনাক্ত হয়। এরপর কোথায় চিকিৎসা করানো হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হয় পরিবারকে। সরকারি হাসপাতালে রোগীর চাপ এবং অস্ত্রোপচারের জন্য দীর্ঘ অপেক্ষার আশঙ্কা থেকে দ্রুত চিকিৎসা শুরু করতে বেসরকারি হাসপাতাল বেছে নেন তাঁরা।
২৫ অক্টোবর ডেল্টা হাসপাতালে ফাহিমা বেগমের অস্ত্রোপচার হয়। মাওয়াজ জানান, শুধু অস্ত্রোপচারের জন্যই খরচ হয়েছে অন্তত দেড় লাখ টাকা। পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অন্যান্য ব্যয়সহ এখন পর্যন্ত তাঁদের মোট খরচ প্রায় চার লাখ টাকা। অস্ত্রোপচারের পর মা ও পরিবারের সদস্যরা মিরপুরে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। তবে সামনে আরও দীর্ঘ চিকিৎসার প্রস্তুতি নিতে হচ্ছে তাঁদের।
মাওয়াজের ভাষ্য, চিকিৎসকেরা তাঁর মাকে অন্তত আটটি কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রতিটির খরচ প্রায় ৪০ হাজার টাকা হিসাবে শুধু কেমোথেরাপিতেই আরও তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন হতে পারে। এরপর রেডিওথেরাপির প্রয়োজন হলে সেখানে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা ব্যয় হতে পারে।
মাওয়াজ বলেন, ‘অস্ত্রোপচার হয়েছে, কিন্তু চিকিৎসা তো এখানেই শেষ নয়। সামনে কেমোথেরাপি ও রেডিওথেরাপি রয়েছে। এত টাকা কীভাবে জোগাড় করব, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা। চিকিৎসা যেন টাকার অভাবে মাঝপথে বন্ধ না হয়ে যায়, সেই চেষ্টা করছি।’
তাঁর বাবা সাধারণ ব্যবসা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। মধ্যবিত্ত পরিবারের পক্ষে একসঙ্গে এত টাকা জোগাড় করা কঠিন। মায়ের চিকিৎসা শেষ করতে আরও কত অর্থের প্রয়োজন হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন মাওয়াজ।
বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ঋণ ও সম্পদ বিক্রির পথে হাঁটতে হচ্ছে অনেক পরিবারকে। রাজধানীর উত্তরায় আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে স্ত্রী নাদিরা বেগমের চিকিৎসা করাতে বাগেরহাট থেকে এসেছেন হেদায়েত শেখ। স্ত্রীর চিকিৎসায় ইতিমধ্যে প্রায় চার লাখ টাকা ব্যয় করেছেন তিনি। এর বড় অংশই সংগ্রহ করতে হয়েছে ঋণ করে। চিকিৎসার খরচ জোগাতে জমিও বন্ধক রাখতে হয়েছে তাঁকে।
অন্যদিকে বেসরকারি হাসপাতালের বিপুল ব্যয় এড়াতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ অপেক্ষার মুখে পড়ছেন রোগীরা। প্রয়োজনীয় চিকিৎসা সময়মতো না পাওয়ার কারণে তাঁদের ভোগান্তি আরও বাড়ছে।
যশোরের মণিরামপুর থেকে মাকে নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এসেছিলেন জাফর। কয়েক মাস আগে তাঁর মায়ের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। রেডিওথেরাপি দেওয়ার প্রস্তুতি হিসেবে সিটি সিমুলেশন পরীক্ষাও সম্পন্ন করেন তিনি। এরপর শুরু হয় সিরিয়ালের অপেক্ষা। প্রায় পাঁচ মাস পার হওয়ার পর অন্য একজনের সুপারিশে রেডিওথেরাপির সিরিয়াল পেয়েছেন তাঁরা।
বিএমইউর এফ ব্লকের বেজমেন্ট-২-এ বসে এসব অভিজ্ঞতার কথা বলছিলেন জাফর। পাশে ছিলেন তাঁর অসুস্থ মা এবং রেডিওথেরাপির সিরিয়ালের অপেক্ষায় থাকা অন্য রোগীরা।
জাফর বলেন, ‘চার মাসের বেশি অপেক্ষা করেও সিরিয়াল পাইনি। আমাদের পাশের এলাকার একজনের কাছে শুনলাম, রেফারেন্স থাকলে আগেভাগে সিরিয়াল পাওয়া যাবে। তিনিও নাকি এভাবেই সিরিয়াল নিয়েছেন। পরে অনেক দৌড়াদৌড়ির পর একজনের রেফারেন্সে সিরিয়াল পেয়েছি।’
রেডিওথেরাপি নিতে নরসিংদী থেকে বিএমইউতে এসেছেন আসমত আলী। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। গত বছরের শেষ দিকে তাঁর ক্যানসার শনাক্ত হয়। বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে বেশি অর্থ ব্যয় হওয়ায় শেষ পর্যন্ত বিএমইউতে এসেছেন তিনি। আসমত জানান, সেখানে রেডিওথেরাপির সিরিয়াল পেতে তাঁকে ছয় মাস অপেক্ষা করতে হয়েছে।
বিএমইউ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে প্রতিদিন নতুন করে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। তবে রোগীর তুলনায় চিকিৎসার সক্ষমতা সীমিত। বর্তমানে এ বিভাগে রেডিওথেরাপি দেওয়ার জন্য লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন রয়েছে মাত্র একটি। ফলে দুই শিফটে প্রতিদিন প্রায় ৭০ জন রোগীকে রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে। প্রয়োজনের তুলনায় এই সক্ষমতা কম হওয়ায় সিরিয়াল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। কারও কারও ক্ষেত্রে অপেক্ষার সময় ছয় মাসও ছাড়িয়ে গেছে।
প্রথম দিকে বিএমইউতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগীকে রেডিওথেরাপি দেওয়া হতো। রোগীর চাপ বাড়তে থাকায় ২০২৫ সালের জুলাইয়ে দ্বিতীয় শিফট চালু করে কর্তৃপক্ষ। এতে অতিরিক্ত ২০ থেকে ২৫ জন রোগীকে রেডিওথেরাপি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। বর্তমানে দুই শিফটে সেবা চালু থাকলেও রোগীর তুলনায় তা যথেষ্ট হচ্ছে না।
এই সংকট মোকাবিলায় যন্ত্রপাতি কেনা ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছে বিএমইউ কর্তৃপক্ষ। চলতি বছরের জুনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়টির মোট ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৬ কোটি টাকা।
বাজেটের এই অর্থ দিয়ে একটি অচল মেশিন সচল করার পাশাপাশি রেডিওথেরাপির জন্য আরও দুটি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তবে নতুন যন্ত্রপাতি স্থাপন ও চিকিৎসার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সরকারি হাসপাতালে দীর্ঘ অপেক্ষা এবং বেসরকারি হাসপাতালে উচ্চ চিকিৎসাব্যয়—এই দুই বাস্তবতার মধ্যেই ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। অনেক পরিবারের কাছে তাই ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি প্রতিদিনের বড় লড়াই হয়ে উঠেছে চিকিৎসার অর্থ জোগাড় করা।



