tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গন১৪ বছরের বকেয়া ও পদোন্নতির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও

১৪ বছরের বকেয়া ও পদোন্নতির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও দীর্ঘ ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। দাবি পূরণ না হলে সোমবার থেকে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে নিজেদের দাবিগুলো বাস্তবায়নের জন্য উপাচার্যের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আদালতের নির্দেশে চাকরি ফিরে পেলেও ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী এখনো তাদের ন্যায্য অধিকার ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও পুনর্বহাল হওয়া ব্যক্তিদের জ্যেষ্ঠতা নির্ধারণ ও পাওনা পরিশোধে প্রশাসন নানা অজুহাত দেখাচ্ছে। অথচ এরই মধ্যে নতুন করে আরও ৩০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা প্রশ্ন তোলেন, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলে আদালতের রায়ে পুনর্বহাল হওয়া কর্মীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সমস্যা কোথায়?

বিশ্ববিদ্যালয়ের ব্যয় ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ শীর্ষ কর্মকর্তাদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় গাড়ি থাকার পরও বিশ্ববিদ্যালয়ের অর্থে নতুন গাড়ি কেনা হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন চাকরির বাইরে থাকার পর আদালতের রায়ে ফিরে আসা কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসনের আগ্রহ দেখা যাচ্ছে না।

সমাবেশে বক্তারা আরও বলেন, একই প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই ধরনের বেতননীতি থাকতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মীরা বর্তমান পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো বেতন কাঠামোতে বেতন দেওয়া হচ্ছে। ফলে তারা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন।

তাদের দাবি, ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়েও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।

জানা গেছে, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছিলেন। এমএলএসএস থেকে শুরু করে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে নিয়োগের বৈধতা নিয়ে আইনি জটিলতার ধারাবাহিকতায় ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। ওই রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার এবং ওই সময়ের জ্যেষ্ঠতা বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়। চাকরিচ্যুতদের দীর্ঘ ভোগান্তি ও মানবিক পরিস্থিতি বিবেচনায় তাদের সুযোগ-সুবিধা নির্ধারণের দায়িত্বও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।

এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং আপিল বিভাগের রায়ের মাধ্যমে তাদের চাকরিতে ফেরার পথ তৈরি হয়।

তবে চাকরিতে পুনর্বহালের পরও জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের বক্তব্য, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ ১৪ বছরের বঞ্চনা এখনো কাটেনি। তাই রায়ের নির্দেশনা অনুযায়ী চাকরির ধারাবাহিকতা ও জ্যেষ্ঠতা নিশ্চিত করার পাশাপাশি পদোন্নতি এবং বর্তমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন তারা।