প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফারিয়া নিজেই গণমাধ্যমকে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার স্বামীর নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
বিয়ের বিষয়ে ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল। নানা অভিজ্ঞতার কারণে ভেবেছিলাম, হয়তো এ অধ্যায় জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে ও পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।” তিনি আরও জানান, ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।
তবে হঠাৎ সিদ্ধান্তে বিয়ে হওয়ায় তার একমাত্র ননদ অনুষ্ঠানে থাকতে পারেননি, কারণ তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
অন্যদিকে, শবনম ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশীদ অপুও ডিভোর্সের দুই বছর পর নতুন জীবনসঙ্গী বেছে নেন। তার স্ত্রীর নাম নওরিন আহমেদ, যিনি তরুণ উপস্থাপিকা ও মডেল।



