এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা।
বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে ওঠে শ্রীলংকা। এই জয়ে আফগানিস্তানের বিদায় নিশ্চিত হলেও বাংলাদেশ সুপার ফোরে খেলার সুযোগ পায়।
এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ ও শ্রীলংকা। বাদ পড়েছে আফগানিস্তান ও হংকং।
শ্রীলংকা গ্রুপপর্বে তিন ম্যাচে টানা তিন জয় পেয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ তিন ম্যাচে দুটি জয় ও ৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়। আফগানিস্তান হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলংকার কাছে হেরে ছিটকে যায়। অন্যদিকে হংকং তিন ম্যাচে একটিও জয় পায়নি।
‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। ভারত প্রথম দুই ম্যাচে টানা জিতে আগেই পরের পর্ব নিশ্চিত করে। শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ হবে ওমান, যারা আগেই টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। নিয়মরক্ষার এই ম্যাচে ভারত মুখোমুখি হবে ওমানের।
পাকিস্তান যদিও ভারতের কাছে হেরেছে, তবে আরব আমিরাত ও ওমানকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যায়। অন্যদিকে স্বাগতিক আরব আমিরাত ভারত ও পাকিস্তানের কাছে হেরে গেলেও ওমানের বিপক্ষে একমাত্র জয়ে স্বান্তনা খুঁজে নেয়।



