২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন না অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ট্রাভিস হেড। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও শারীরিক ধকল সামলানোর কথা বিবেচনা করে আগামী আসর থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে নিজের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদকেও বিষয়টি জানিয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ এসব টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান হেড। একই সঙ্গে খেলোয়াড়দের কাজের চাপ নিয়ন্ত্রণের বিষয়টিও তার সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। এর আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও ২০২৭ সালের ব্যস্ত আন্তর্জাতিক সূচি সামনে রেখে ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
২০২৪ সালের আইপিএল নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে ট্রাভিস হেডকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম মৌসুমেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। ১৫ ম্যাচে ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করে দলকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন এই ওপেনার। যদিও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি হায়দরাবাদ।
ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ৩২.৯৫ গড়ে ১ হাজার ৩৫১ রান করেছেন হেড। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৭৬.১৪। বিশেষ করে অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী উদ্বোধনী জুটি সানরাইজার্সের ব্যাটিং আক্রমণের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছে।
ক্রিকেটপ্রেমীদের কাছে ‘ট্রাভিশেক’ নামে পরিচিত হেড ও অভিষেকের এই জুটি আইপিএলে আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। ৪২ ইনিংসে দুজন মিলে সংগ্রহ করেছেন ১ হাজার ৮৯২ রান। ৪৬.১৪ গড়ের এই জুটিতে রয়েছে ছয়টি শতরান ও নয়টি অর্ধশতরানের পার্টনারশিপ। অন্তত এক হাজার রান করা উদ্বোধনী জুটিগুলোর মধ্যে তাদের রান তোলার গতি সর্বোচ্চ—প্রতি ওভারে ১২.২৭ রান।
আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে হেডকে দলে ধরে রেখেছিল সানরাইজার্স। তার আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের অনুমোদন পেলে ওই অর্থ ফ্র্যাঞ্চাইজিটির নিলামের বাজেটে যুক্ত হবে।
এদিকে নতুন মৌসুমের দল গোছাতে ব্যস্ত সময় পার করছে সানরাইজার্স হায়দরাবাদ। ট্রেডের মাধ্যমে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে ছেড়ে দিয়ে চেন্নাই সুপার কিংস থেকে খলিল আহমেদ ও নাথান এলিসকে দলে নিয়েছে তারা। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস থেকে টি নটরাজনকে পেতে জিশান আনসারিকেও ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
হেডের অনুপস্থিতিতে আগামী মৌসুমে সানরাইজার্সের ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন আসা প্রায় নিশ্চিত। এখন তার জায়গায় কাকে দিয়ে নতুন উদ্বোধনী জুটি গড়ে তুলবে হায়দরাবাদ, সেটিই দেখার বিষয়।
সূত্র: ক্রিকইনফো



