নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীরা কত টাকা বেতন পাবেন এবং অক্টোবরের বেতনের সঙ্গে কত টাকা বকেয়া বা এরিয়ার পাবেন—এখন সেটিই বড় প্রশ্ন। নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ শুরু হচ্ছে সোমবার (৫ অক্টোবর)।
আইবাস প্লাস প্লাসের নির্ধারিত মডিউলে অনলাইনে চাকরিসংক্রান্ত তথ্য দিয়ে পে ফিক্সেশন সম্পন্ন করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আগামী ২০ অক্টোবরের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর পে ফিক্সেশন শেষ করার নির্দেশ দিয়েছে।
তবে শুধু বর্তমান বেতনের তথ্য দিলেই হবে না। আগের বেতন নির্ধারণ, পদোন্নতি, বদলি, সময় স্কেল, সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেডসহ চাকরির বিভিন্ন তথ্য সঠিকভাবে দিতে হবে।
যেসব তথ্য লাগবে
পে ফিক্সেশনের আগে সরকারি চাকরিজীবীদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে—
-
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর
-
জন্মতারিখ
-
বর্তমান পদবি ও গ্রেড
-
চাকরিতে যোগদানের তারিখ
-
৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন
-
আগের বেতন নির্ধারণসংক্রান্ত তথ্য
-
পদোন্নতি ও বদলির অফিস আদেশ
-
সময় স্কেল, সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেডসংক্রান্ত তথ্য ও নথি
-
আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত সচল মোবাইল নম্বর
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে নতুন বেতন নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে। একই সঙ্গে বকেয়া বা এরিয়ার হিসাবেও এর প্রভাব পড়তে পারে।
থাকবে নথি যাচাই
অনলাইনে তথ্য পূরণ করে আবেদন জমা দিলেই পে ফিক্সেশন প্রক্রিয়া শেষ হবে না। সংশ্লিষ্ট বেতন ও হিসাব পরিশোধ কর্মকর্তার কার্যালয় চাকরির নথির সঙ্গে অনলাইনে দেওয়া তথ্য মিলিয়ে দেখবে। তথ্য সঠিক থাকলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
অনুমোদনের পর আইবাস প্লাস প্লাস থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি বিশেষ যাচাই নম্বর তৈরি হবে। এরপর চাকরির নথিতে ওই যাচাই নম্বর এবং নতুন নির্ধারিত বেতন লিপিবদ্ধ করা হবে।
অক্টোবরের বেতনে মিলবে বকেয়া
পে ফিক্সেশন শেষ হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে অক্টোবরের বেতন বিল তৈরি হবে। একই সঙ্গে নতুন ও পুরোনো বেতনের পার্থক্য হিসাব করে প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার নির্ধারণ করা হবে।
তবে সব সরকারি চাকরিজীবীর বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন এবং বেতন কার্যকর হওয়ার তারিখসহ বিভিন্ন বিষয়ের ওপর বকেয়ার পরিমাণ নির্ভর করবে।
এ কারণে পে ফিক্সেশনের সময় চাকরির আগের ইতিহাস এবং সংশ্লিষ্ট সব নথির তথ্য সঠিকভাবে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



