রাজধানীর মহাখালী এলাকায় তালহা রহমান (৩৩) নামে এক যুবদল নেতাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১২টা ১৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন।
আহত তালহা রহমান মহাখালী ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তিনি মহাখালী রসুলবাগ এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে।
তালহার ছোট ভাই মো. মুয়াম্মার রহমান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোবাইল ফোনে কল করে তালহাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আওতাধীন মহাখালী এসএ পরিবহণ ও এ বিএম পাম্পের মধ্যবর্তী একটি গলিতে ডেকে নেয়।
মুয়াম্মার রহমানের অভিযোগ, সেখানে পৌঁছানোর পর আগে থেকেই ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তালহাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে তালহাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টা ১৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তালহাকে ডেকে নিয়ে হামলা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।



