রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজার ও এর পাশের টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রায়েরবাজার কাঁচাবাজারের পাশে গড়ে ওঠা ছোট ছোট টিনের ঘর ও বাজারে আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলে রওনা হয়। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে রায়েরবাজারে কাঁচাবাজার ও এর পাশের টিনের বসতঘরে আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে কাঁচাবাজার ও আশপাশের বসতঘরগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



