একসময় নাইজেরিয়ার সিনেমা মানেই ছিল কম বাজেট, দ্রুত নির্মাণ এবং ঘরোয়া দর্শকের জন্য তৈরি ভিডিওচিত্র। সিনেমাহলের চেয়ে ভিসিআর ও ডিভিডিই ছিল বেশি জনপ্রিয়। সেই নলিউড এখন শুধু আফ্রিকার সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ বাহক নয়, সিনেমা নির্মাণের সংখ্যার দিক থেকেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্রশিল্প।
ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, নাইজেরিয়ায় প্রতি বছর আড়াই হাজারের বেশি সিনেমা নির্মিত হয়। উৎপাদনের দিক থেকে ভারতের পরেই দেশটির অবস্থান। নাইজেরিয়ার বিনিয়োগ উন্নয়ন কমিশনের হিসাবে, দেশটির ক্রিয়েটিভ ইকোনমির মূল্য প্রায় ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার। এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নলিউড। বিনোদন খাতের বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ৮ দশমিক ৮ শতাংশ।
‘লিভিং ইন বন্ডেজ’ থেকে নলিউডের উত্থান
নলিউডের আধুনিক যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ১৯৯২ সালের সিনেমা ‘লিভিং ইন বন্ডেজ’। এরপর ডিজিটাল ক্যামেরা, কম খরচের নির্মাণপ্রযুক্তি এবং ভিডিওভিত্তিক বিতরণব্যবস্থার প্রসারের সঙ্গে দ্রুত বড় হতে থাকে শিল্পটি।
একসময় সপ্তাহে প্রায় ৫০টি পর্যন্ত সিনেমা নির্মাণ হতো। বছরে ২ হাজার ৫০০-এর বেশি সিনেমা তৈরির সক্ষমতা নলিউডকে বিশ্বের অন্যতম ব্যস্ত চলচ্চিত্রশিল্পে পরিণত করেছে।
তবে বিপুল উৎপাদন সবসময় মানসম্মত সিনেমা নিশ্চিত করেনি। দ্রুত মুনাফার জন্য স্বল্প বাজেটে তাড়াহুড়া করে সিনেমা নির্মাণ, গল্পের পুনরাবৃত্তি, সীমিত লোকেশন, দুর্বল প্রযুক্তি এবং পাইরেসি দীর্ঘদিন শিল্পটির বড় সমস্যা ছিল। ইউনেসকোর বিশ্লেষণেও অর্থায়ন, অবকাঠামো ও বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি উঠে এসেছে।
আন্তর্জাতিক দর্শকের কাছে নলিউড
গত এক দশকে নলিউডের চিত্র দ্রুত বদলেছে। উন্নত ক্যামেরা, পোস্ট-প্রোডাকশন, উন্নত চিত্রনাট্য ও পেশাদার প্রযোজনার কারণে নাইজেরিয়ার সিনেমা এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছাচ্ছে।
আফ্রিকার বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে বসবাসরত আফ্রিকান প্রবাসীদের মধ্যেও নলিউডের বড় দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে।
এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নেটফ্লিক্স নাইজেরিয়ার স্থানীয় কনটেন্টে বিনিয়োগ করেছে। অ্যামাজন প্রাইম ভিডিওও দেশটির বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। ফলে স্থানীয় গল্প, অভিনেতা ও নির্মাতারা আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর নতুন সুযোগ পেয়েছেন।
স্ট্রিমিং জায়ান্টদের বিনিয়োগ কমলেও দর্শক কমেনি
সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম আফ্রিকায় অরিজিনাল কনটেন্টে বিনিয়োগ ও কার্যক্রম কিছুটা কমিয়েছে। ২০২৪ সালে অ্যামাজন প্রাইম আফ্রিকায় কর্মীসংখ্যা কমানোর পাশাপাশি অরিজিনাল কনটেন্ট অধিগ্রহণও সংকুচিত করে। নেটফ্লিক্সও নাইজেরিয়ার অরিজিনাল কনটেন্ট গ্রহণের গতি কমিয়েছে। শিল্পসংশ্লিষ্টদের মতে, এর পেছনে অন্যতম কারণ লাভজনকতার হিসাব।
তবে এতে নলিউডের দর্শক কমে যায়নি। বরং ইউটিউব ও স্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নতুন সুযোগ তৈরি করেছে। ২০২৫ সালে ‘লাভ ইন এভরি ওয়ার্ড’ সিনেমাটি ইউটিউবে মাত্র ২৪ ঘণ্টায় ১০ লাখ এবং তিন দিনে ৫০ লাখ ভিউ অতিক্রম করে। এতে বোঝা যায়, নলিউডের দর্শক এখন শুধু সিনেমাহল বা বড় আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল নয়।
বাড়ছে সিনেমাহল ও বক্স অফিস
নলিউডের জন্য সিনেমাহলের বাজারও গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের নাইজেরিয়া বক্স অফিস ইয়ারবুক অনুযায়ী, দেশটিতে সিনেমাহলের সংখ্যা ২০২৪ সালের ১০৭টি থেকে বেড়ে ২০২৫ সালে ১২২টিতে দাঁড়িয়েছে। পর্দার সংখ্যা হয়েছে ৩৬৯টি।
২০২৫ সালে মোট ২৪৮টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দর্শকসংখ্যা ছিল প্রায় ২৭ লাখ ৯৫ হাজার এবং মোট বক্স অফিস আয় দাঁড়ায় প্রায় ১৫ দশমিক ৬ বিলিয়ন নাইরা।
স্থানীয় সিনেমার জনপ্রিয়তাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের নাইজেরিয়া বিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথমার্ধে নলিউডের বক্স অফিস আয় ৫ বিলিয়ন নাইরা ছাড়িয়ে যায়। ওই সময় মোট বক্স অফিস আয়ের ৫৬ শতাংশ আসে স্থানীয় সিনেমা থেকে।
আড়াই হাজার সিনেমা কোথায় প্রদর্শিত হয়?
প্রশ্ন উঠতেই পারে—যে দেশে সিনেমাহল মাত্র ১২২টি, সেখানে বছরে আড়াই হাজারের বেশি সিনেমা কোথায় প্রদর্শিত হয়?
এর উত্তর নলিউডের বিকল্প বিতরণব্যবস্থায়। এসব সিনেমার বড় অংশ প্রথাগত সিনেমাহলের জন্য তৈরি হয় না। বরং বিভিন্ন মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে যায়।
-
ডিভিডি ও স্থানীয় বাজার: নলিউডের উত্থানের মূল ভিত্তি ছিল হোম ভিডিও ও ডিভিডি সংস্কৃতি। লাগোসের ইদুমোতা, আলাবা ও ওনিৎসার মতো বাজারে সিনেমা ডিভিডি ও ভিসিডির মাধ্যমে বিক্রি ও ভাড়া দেওয়া হতো।
-
টেলিভিশন ও ক্যাবল নেটওয়ার্ক: আফ্রিকা ম্যাজিকসহ বিভিন্ন স্যাটেলাইট ও ক্যাবল নেটওয়ার্ক নলিউডের সিনেমার বড় ক্রেতা।
-
ইউটিউব: বর্তমানে নির্মাতাদের জন্য ইউটিউব একটি বড় বিতরণমাধ্যম। সিনেমা আপলোড করে ভিউ ও বিজ্ঞাপন থেকে সরাসরি আয় করার সুযোগ রয়েছে।
-
আন্তর্জাতিক ও স্থানীয় ওটিটি: নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের পাশাপাশি আইরকটিভির মতো স্থানীয় প্ল্যাটফর্মেও নাইজেরিয়ান সিনেমা মুক্তি পায়।
-
ভিডিও ক্লাব ও ভিউয়িং সেন্টার: প্রত্যন্ত অঞ্চল ও বস্তি এলাকায় ছোট কমিউনিটি সিনেমা, ভিডিও ক্লাব ও ভিউয়িং সেন্টারে প্রজেক্টর বা বড় পর্দায় সিনেমা দেখানো হয়।
অর্থাৎ নলিউড মূলত সিনেমাহলকেন্দ্রিক শিল্প নয়; এটি অনেকটাই ‘হোম ও পার্সোনাল স্ক্রিন’নির্ভর চলচ্চিত্রশিল্প।
সংস্কৃতির বৈচিত্র্য নলিউডের শক্তি
নলিউডের অন্যতম বড় শক্তি এর সাংস্কৃতিক বৈচিত্র্য। ইংরেজির পাশাপাশি ইয়োরুবা, ইগবো, হাউসা ও অন্যান্য স্থানীয় ভাষায় সিনেমা তৈরি হচ্ছে।
স্থানীয় লোকবিশ্বাস, পারিবারিক সম্পর্ক, ধর্মীয় ও সামাজিক দ্বন্দ্ব এবং দৈনন্দিন জীবনের নানা গল্প সিনেমার বিষয় হয়ে উঠছে। ফলে নলিউড শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং বিশ্বদর্শকের কাছে নাইজেরিয়ার সমাজ ও সংস্কৃতি তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সামনে রয়েছে চ্যালেঞ্জ
নলিউডের সামনে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সিনেমাহলের স্বল্পতা, উচ্চ টিকিটমূল্য, পাইরেসি, নির্মাণ ব্যয়, মানসম্মত অবকাঠামোর ঘাটতি এবং আন্তর্জাতিক বিতরণব্যবস্থার সীমাবদ্ধতা শিল্পটির বড় সমস্যা।
প্রায় ২০ কোটি মানুষের দেশ নাইজেরিয়ায় ২০২৪ সালে সিনেমাহলের সংখ্যা ছিল আনুমানিক ১০২টি—যদিও পরবর্তী সময়ে তা বেড়েছে। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় বাড়ায় অনেক দর্শকের কাছে সিনেমাহলের টিকিট অতিরিক্ত ব্যয় হিসেবে বিবেচিত হচ্ছে।
তারপরও নলিউডের বড় সাফল্য হলো, তারা নিজেদের দর্শক তৈরি করতে পেরেছে। হলিউডের বিপুল বাজেট বা বলিউডের তারকানির্ভর মডেল অনুসরণ না করে নাইজেরিয়ার নির্মাতারা স্থানীয় গল্প, সামাজিক বাস্তবতা ও আফ্রিকান পরিচয়কে কেন্দ্র করে নিজস্ব বাজার গড়ে তুলেছেন।
সংখ্যার বিচারে নলিউড ভারতের পরেই থাকলেও এর শক্তি শুধু বছরে আড়াই হাজারের বেশি সিনেমা নির্মাণে নয়। সীমিত সম্পদে বিশাল দর্শক তৈরি করা, স্থানীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল যুগের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাই নলিউডকে আলাদা পরিচয় দিয়েছে।



