tanaka
প্রচ্ছদরাজনীতিচাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ কর্মসূচি পালন হাসনাত-পাটওয়ারীর

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ কর্মসূচি পালন হাসনাত-পাটওয়ারীর

দেশে চলমান চাঁদাবাজির প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির সংস্কৃতি বন্ধের দাবিতে তারা প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেন।

সোমবার বিকেলে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’সহ বিভিন্ন স্লোগান দেন।

বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’

এর আগে চাঁদাবাজির বিকল্প হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’

চাঁদাবাজি বন্ধের আহ্বান

কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে দেশবাসীর প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’

কর্মসূচির মাধ্যমে চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং এর সঙ্গে জড়িতদের পুনর্বাসনের বিষয়ে প্রতীকী বার্তা দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।