পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, কার্যকরী সদস্য সাঈদ হাসান ও আমেনা আক্তার নিহা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি জিয়াউদ্দিন আয়ান অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা দেখা দিয়েছে। তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি দাবি করেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এ কারণে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
চাকরিপ্রার্থীদের প্রসঙ্গে জিয়াউদ্দিন আয়ান বলেন, পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের নিয়োগ থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছেন।
তিনি দ্রুত এসব প্রার্থীর নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান এবং ১ অক্টোবর থেকে কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
জিয়াউদ্দিন আয়ান আরও বলেন, সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে দলীয়করণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েছে। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরিতে বৈষম্যহীন নিয়োগ। কিন্তু বর্তমান নিয়োগপ্রক্রিয়ায় সেই আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলে তিনি এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।
নাদিয়া রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার রক্ষা এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। সরকার এসব দাবি উপেক্ষা করলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
পরে পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগের প্রতিবাদে প্রতীকী লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।



