দেশে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ভবিষ্যতে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করার পাশাপাশি দেশ থেকে উৎখাত করার কথাও বলেন তিনি।
রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা নিয়েই তিনি সেখানে গেছেন। বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে মিথ্যা মামলা, নির্যাতন ও নানা ধরনের দমন-পীড়নের মধ্যেও তারা আন্দোলন চালিয়ে গেছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের বিরোধী পক্ষের কর্মকাণ্ড পরস্পরের সঙ্গে মিশে গেছে। আগামী ডিসেম্বরে বিএনপি সরকারের পতন ঘটানোর কথা বলা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সব ধরনের ‘অপশক্তি’ প্রতিহত করার কথা বলেন মন্ত্রী।
দেশের রাজনীতি প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, সাংবিধানিকভাবে যেসব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সংশ্লিষ্টদের অতীত সম্পর্কে জনগণ অবগত। তার অভিযোগ, অতীতে গুম, খুন, লুণ্ঠন, দুর্নীতি, জনগণের কণ্ঠরোধ এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে।
বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে বলেও দাবি করেন তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অরাজকতা বা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
দেশের সার্বভৌমত্বের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থ কারও কাছে বিকিয়ে দেওয়া হবে না। দেশের এক ইঞ্চি ভূখণ্ডও কেউ দখল করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। ভারতের সম্প্রসারণবাদ প্রসঙ্গে প্রয়াত খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, বাংলাদেশের বন্ধু থাকতে পারে, তবে কোনো প্রভু নেই।
ভারতের আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়েও বক্তব্য দেন সরদার সাখাওয়াত হোসেন। তার অভিযোগ, দেশের বিদ্যুৎ ঘাটতি তৈরির উদ্দেশ্যে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
সারের সংকট নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী দাবি করেন, আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া সারের ডিলারদের বাদ দেওয়া হয়নি। তবে ‘ফ্যাসিবাদের দোসররা’ দেশে কৃত্রিম সার সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কৃষকদের কাছে সহজে সার পৌঁছাতে পুরোনো ডিলারদের পাশাপাশি নতুন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান।
বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোকে ধাপে ধাপে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে দাবি করে তিনি বলেন, ভারত ও মিয়ানমার ওই অঞ্চল থেকে গ্যাস উত্তোলন করছে। তার দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাই দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। বিএনপির সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান, জেলা জজ আদালতের পিপি নুরতাজ আলম বাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



