tanaka
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিনিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও ব্যবহার যথাযথ নিয়ন্ত্রণ ও নজরদারির আওতায় না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর আশঙ্কা, উন্নত এআই প্রযুক্তি ভুল মানুষের হাতে পড়লে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে ১০০ কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে।

রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন বিল গেটস। তিনি বলেন, এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ এবং কার্যকর নজরদারি ব্যবস্থা থাকা প্রয়োজন।

গেটসের মতে, এআই খাতের নিরাপত্তা কাঠামো কেমন হবে, সে বিষয়ে আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় যুক্ত হতে হবে। একই সঙ্গে নিরাপত্তাব্যবস্থার কিছু বিষয় বাধ্যতামূলক করার প্রয়োজন রয়েছে।

এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য অতিরিক্ত ব্যয় তৈরি হবে বলে স্বীকার করেন গেটস। তবে তাঁর মতে, এ ধরনের নিয়ন্ত্রণ প্রযুক্তির অগ্রগতিকে উল্লেখযোগ্যভাবে ধীর করে দেবে—এমনটা নয়।

সাক্ষাৎকারের অন্য এক পর্যায়ে এআইয়ের সম্ভাব্য অপব্যবহার নিয়েও সতর্ক করেন তিনি। গেটস বলেন, সর্বাধুনিক এআই প্রযুক্তি যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটানোর মতো সক্ষমতা এর রয়েছে।

এআই নিয়ন্ত্রণে ‘কিল সুইচ’ রাখার ধারণা নিয়েও কথা বলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। তাঁর মতে, শুধু একটি কিল সুইচ থাকলেই এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা সম্ভব নয়। তবে বর্তমান পর্যায়ের এআই এখনো এমন অবস্থায় পৌঁছায়নি যে এটি নিজে থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং এরপর সেটিকে বন্ধ করা অসম্ভব হয়ে পড়বে।

এর আগে আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের একটি প্রবন্ধেও এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন গেটস। প্রযুক্তি খাতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এর আগে এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স ২৩ সেপ্টেম্বর একটি আইন প্রস্তাব করেন। এতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে এআই প্রযুক্তি নিয়ে সতর্কবার্তার পাশাপাশি গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটও সমালোচনার মুখে রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী ও বিভিন্ন অধিকারকর্মী ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।

সাক্ষাৎকারের শেষ দিকে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার গেটসকে জানতে চান, ব্যক্তিগত জীবনে তিনি কতটা এআই ব্যবহার করেন। জবাবে গেটস বলেন, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এআই ব্যবহার করেন না। পরিবার ও বন্ধুদের উপস্থিতির কারণে এ ক্ষেত্রে তাঁর এআইয়ের প্রয়োজন হয় না।

সূত্র: দ্য গার্ডিয়ান