রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় নুরনবী ইসলাম নামে এক শিক্ষার্থীকে বিষধর ‘কমন ক্রেইট’ বা পাতি কালাচ সাপে কামড় দিয়েছে। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অ্যান্টিভেনম দেওয়ার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নুরনবী ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ জানান, ভোরে সাপের কামড়ে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, তাকে পাতি কালাচ সাপে দংশন করেছে। চিকিৎসার অংশ হিসেবে ইতোমধ্যে তাকে দুই ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো এবং তিনি আশঙ্কামুক্ত।
হল সূত্রে জানা গেছে, ঘটনার সময় নুরনবী নিজের বিছানায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ বিছানায় উঠে তার পায়ে কামড় দেয়। দংশনের বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে সহপাঠীদের বিষয়টি জানান। পরে সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যান।
এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোয়ান’-এর সদস্যরা ওই কক্ষে গিয়ে সাপটি উদ্ধার করেন। তাদের দাবি, উদ্ধার করা সাপটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট এবং এটি পাতি কালাচ।
সোয়ানের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ বলেন, খবর পাওয়ার পর ভোর সাড়ে ৫টার দিকে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন। তার ভাষ্য, কক্ষ অপরিচ্ছন্ন ও অগোছালো থাকলে এ ধরনের সাপের উপস্থিতি বাড়তে পারে। সাধারণত উষ্ণতার সন্ধানে কালাচ মানুষের বিছানায় উঠে আসে। মানুষের শরীরের সঙ্গে অনিচ্ছাকৃত সংস্পর্শ হলে সাপটি দংশন করতে পারে।



