tanaka
প্রচ্ছদজাতীয়পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চালের সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, আর্থিক সহায়তা দেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা ও জীবনযাত্রার ব্যয় কমানোর অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবে এ বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল সরবরাহ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে আটটি ট্রাকসেলে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে দুটি ট্রাকসেলে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় এ চাল বিক্রি করা হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন শ্রমিকেরা। তবে দ্বিতীয় দফায় মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি করা হবে।

সংশ্লিষ্ট পোশাক কারখানার শ্রমিকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর করে এ সুবিধা নিতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পৃথক তদারকি দল সরেজমিনে কার্যক্রম পর্যবেক্ষণ করছে। এ ছাড়া প্রতিটি ট্রাকসেলের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

কর্মসূচির প্রথম দিন শুক্রবার সকাল থেকেই নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে পোশাকশ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। শ্রমিকেরা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন ও মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে পোশাকশ্রমিকদের খাদ্যব্যয় কমার পাশাপাশি তাঁদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে সরকার ঘোষিত এ কর্মসূচি।