ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বিএনপির প্রার্থী এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন। এ সময় বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফয়সল। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান। আসন্ন নির্বাচনে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
উপনির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও-১ আসনে এরই মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়াকে কেন্দ্র করে প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা যাচ্ছে।
এর আগে ২০ সেপ্টেম্বর মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।
এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ রোববারই মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। একই দিনে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামীরও মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।



