জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়।
প্রতিনিধি দলে রয়েছেন—এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।
সফরকালে প্রতিনিধি দলটি টোকিও ও ওসাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপি সমর্থকদের সঙ্গে বিভিন্ন মতবিনিময় সভা ও অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা।



