রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু হয়েছে। পুত্রবধূকে বিদ্যুতের সংস্পর্শ থেকে রক্ষা করতে গিয়ে শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট হন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শমসের আলী (৬০) ও তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। শমসের আলী মৃত রেকাত আলীর ছেলে এবং তানিয়া শরিফুল ইসলামের স্ত্রী।
ভেজা কাপড় দিতে গিয়ে বিপত্তি
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। সেখান থেকে একটি বৈদ্যুতিক তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়েছিল। তারটির পাশেই কাপড় শুকানোর জন্য দড়ি টাঙানো ছিল।
শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় মেলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারে এগিয়ে যান শ্বশুর শমসের আলী। এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় দেওয়ার সময় তানিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে দুজনেরই মৃত্যু হয়।
ঘটনাটি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে।



