জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও, অনেকেই মনে করছেন তাঁর বক্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ইঙ্গিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া ওই পোস্টে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’
স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকের ধারণা, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের প্রসঙ্গেই এ মন্তব্য করেছেন আসিফ আকবর। তবে পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি।
এর আগেও বিভিন্ন সময় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন আসিফ আকবর। এবারও তাঁর মন্তব্য ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে তাঁর ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার কেউ ভিন্নমত প্রকাশ করছেন।
এদিকে সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক আরেকটি ঘটনাও আলোচনায় এসেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল সদৃশ বস্তু ছোড়া এবং আগুন দেওয়ার চেষ্টা করে। হামলাকারীরা বাড়ির মূল ফটকে আগুন লাগানোর চেষ্টা করে বলে জানা গেছে। এতে গেটের কিছু অংশ পুড়ে যায় এবং ইট-পাটকেলের আঘাতে কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অগ্নিসংযোগের চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত চলে যায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আসিফ আকবরের ফেসবুক স্ট্যাটাস ও সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



