কক্সবাজার থেকে চট্টগ্রামে মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সরকারি কলেজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পর্যটকের বেশে মোটরসাইকেলে ইয়াবা পাচার করছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ বশির, বেলাল উদ্দিন, নুরুল মুস্তাফা, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন।
র্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
র্যাব জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজের সামনে মহাসড়কে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় প্রথমে একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। র্যাবের ভাষ্য, ওই ব্যক্তি সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান বা তল্লাশিচৌকির তথ্য পেছনে থাকা দলের সদস্যদের জানাতেন।
পরে আরও চারটি মোটরসাইকেলে থাকা পাঁচজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোজাফফর হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পর্যটকের ছদ্মবেশে মোটরসাইকেলে ইয়াবা পরিবহন করতেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



