হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ সংক্রান্ত আদেশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।
তিনি জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়, বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পৌর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা না থাকায় আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে মঙ্গলবারের সংঘর্ষের পর এনসিপি, যুবদল ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে হবিগঞ্জ শহরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ১০টার পর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ সময় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা জোরদারে তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করেন।



