শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে তারা সেখানে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখা।
বিএডিসির নিজস্ব কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া।
কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
এর আগে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে তারা ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়।



