বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে স্পেন। সৌদি আরবের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরু থেকেই মাঠে নামছেন তরুণ তারকা লামিন ইয়ামাল।
রোববার (২১ জুন) জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও সৌদি আরব। ম্যাচ শুরুর প্রায় দুই ঘণ্টা আগে নিজেদের প্রথম একাদশ ঘোষণা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করা দলের তুলনায় এবার চারটি পরিবর্তন এনেছেন তিনি। সবচেয়ে আলোচিত পরিবর্তন লামিন ইয়ামালকে নিয়ে। পেশির চোট কাটিয়ে ফেরা এই উইঙ্গার আগের ম্যাচে ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তবে এবার শুরু থেকেই তার ওপর আস্থা রেখেছে স্প্যানিশ কোচিং স্টাফ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও ইয়ামালের ফিটনেস নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন দে লা ফুয়েন্তে। ফলে সৌদি আরবের বিপক্ষে স্পেনের আক্রমণভাগে বড় ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন তরুণ এই ফুটবলার।
প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্পেন। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলটি কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারায়। তাই নকআউট পর্বের পথে এগিয়ে যেতে সৌদি আরবের বিপক্ষে জয়ই এখন তাদের প্রধান লক্ষ্য।
অন্যদিকে সৌদি আরবও নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পায়নি। উরুগুয়ের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল এশিয়ার প্রতিনিধিদের।
স্পেনের একাদশ
উনাই সিমোন, পেদ্রো পোরো, পাউ কুবার্সি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেইয়া, রদ্রি, পেদ্রি, লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।



