বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে অপেক্ষা করছে তুলনামূলক কঠিন পরীক্ষা। আগামীকাল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় অস্ট্রিয়া আলজেরিয়ার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। ফলে লিওনেল স্কালোনির দলের জন্য ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রিয়া। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চার ম্যাচ জয়ের ধারায় রয়েছে। সর্বশেষ ১২ ম্যাচে ১০টি জয়, একটি ড্র এবং একটি হার—দলটির আত্মবিশ্বাস যে তুঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না।
ইতিহাসও পুরোপুরি আর্জেন্টিনার পক্ষে নয়। ১৯৮২ সালের পর বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জয়ের কীর্তি গড়তে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি। সেই পরিসংখ্যান মাথায় রেখেই আত্মবিশ্বাসী অস্ট্রিয়ার শিবির।
ম্যাচের আগে অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেন, “আমরা জানি আর্জেন্টিনা কতটা শক্তিশালী দল। তাদের যথেষ্ট সম্মান করি। তবে নিজেদের সামর্থ্যের ওপরও আমাদের বিশ্বাস আছে। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারি।”
তবে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে অপ্টা সুপার কম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ, আর অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৭.০ শতাংশ।
গ্রুপের অন্য ম্যাচে জর্ডান যদি আলজেরিয়ার বিপক্ষে জয় না পায় এবং অস্ট্রিয়াকে হারাতে পারে আর্জেন্টিনা, তাহলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের।
ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল রাত ১১টায়। বিশ্বচ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় জয় আসে কি না, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।



