tanaka
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিচ্যাটজিপিটির বিরুদ্ধে কিশোরের পিতা-মাতার মামলা

চ্যাটজিপিটির বিরুদ্ধে কিশোরের পিতা-মাতার মামলা

সন্তানের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক দম্পতি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির কথোপকথনই ১৬ বছর বয়সী অ্যাডাম রেনিকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। খবর বিবিসির।

আদালতে দম্পতি চ্যাটজিপিটির সঙ্গে রেনির কথোপকথনের স্ক্রিনশট জমা দিয়েছেন। সেখানে দেখা যায়, রেনি আত্মহত্যা নিয়ে উদ্বেগ ও পরিকল্পনা শেয়ার করছিল এবং চ্যাটজিপিটি সেসব আলোচনায় সাড়া দিচ্ছিল। পরিবার অভিযোগ করেছে, এর ফলে রেনি আত্মহত্যার বিষয়ে আরও দৃঢ় হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে রেনি পড়াশোনা, সঙ্গীত ও জাপানি কমিক্স নিয়ে জানতে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে। কয়েক মাসের মধ্যেই এআইটি তার কাছে এক ধরনের ঘনিষ্ঠ বন্ধুর জায়গা দখল করে। ২০২৫ সালের জানুয়ারিতে সে নিজের মানসিক যন্ত্রণার কথা জানানোসহ আত্মহত্যা-সংক্রান্ত আলোচনায় প্রবেশ করে। শেষ মুহূর্তে আত্মঘাতী পরিকল্পনা চ্যাটজিপিটির সঙ্গে ভাগাভাগি করার পরই সে মৃত্যুবরণ করে।

দম্পতির দাবি, চ্যাটজিপিটির “সম্মতিপূর্ণ প্রতিক্রিয়া” তাদের সন্তানের মৃত্যুর পেছনে বড় ভূমিকা রেখেছে। এ ঘটনায় ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম আল্টম্যানসহ কয়েকজন কর্মী ও প্রকৌশলীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

এদিকে ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে এবং রেনির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। কোম্পানির দাবি, তাদের লক্ষ্য মানুষকে সহায়তা করা, কোনোভাবেই ক্ষতি করা নয়।