tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়ডিএমপির ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

ডিএমপির ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম। বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।

১৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম সর্বশেষ হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি ১৯৯৯ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) ছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০২ সালে তিনি ঢাকার ডিবিতে যোগ দিয়ে প্রায় পাঁচ বছর কাজ করেন। এরপর সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়ায় প্রেরিত হন। মিশন শেষে ২০১০ সালে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান। পরে দ্বিতীয় দফায় লাইবেরিয়া মিশনেও অংশ নেন।

২০১৩ সালে তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হন। এরপর আইভরি কোস্টে জাতিসংঘ মিশনে যোগ দেন। দেশে ফিরে হাইওয়ে পুলিশের এসপি ও পরে নৌ পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে পদোন্নতি পেয়ে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) হন এবং পরবর্তীতে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে যোগ দেন।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল তৎকালীন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে হঠাৎ দায়িত্ব থেকে সরানো হয়। এরপর থেকে প্রায় সাড়ে চার মাস ডিবি প্রধানের পদটি শূন্য ছিল। এ সময়ে যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা ডিবির এ ইউনিটের দায়িত্ব পালন করছিলেন।