tanaka
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিবিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, অচল আউটলুক-টিমসসহ বহু প্ল্যাটফর্ম

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, অচল আউটলুক-টিমসসহ বহু প্ল্যাটফর্ম

বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজ, অনলাইন যোগাযোগ ও দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ব্যবহৃত একাধিক জনপ্রিয় ডিজিটাল সেবা ব্যাহত হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ইন্টারনেট সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফটের সেবা ব্যবহারে সমস্যার খবর পাওয়া গেছে। ডাউনডিটেক্টরের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাট কাটিয়ে সেবা স্বাভাবিক করতে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ জন্য আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রযুক্তিগত সমস্যার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে রয়েছে ইমেইল আদান-প্রদানের প্ল্যাটফর্ম আউটলুক, অনলাইন মিটিং ও যোগাযোগের মাধ্যম মাইক্রোসফট টিমস, ক্লাউডভিত্তিক ফাইল ব্যবস্থাপনা সেবা শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন। এ ছাড়া ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সেবার তালিকায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের ডিজিটাল সেবায় এই বিভ্রাটের প্রভাব পড়েছে দৈনন্দিন জীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে। ইমেইল আদান-প্রদানের পাশাপাশি বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ সেবা এবং পণ্য অর্ডারসংক্রান্ত ডিজিটাল কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি সেবাকেন্দ্রও কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগেও চলতি বছরের শুরুতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় একই ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল। গত জানুয়ারিতে আউটলুক, টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।