tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকরুশ মিত্রদের ওপর নিষেধাজ্ঞা চান ৬২ শতাংশ মার্কিনি

রুশ মিত্রদের ওপর নিষেধাজ্ঞা চান ৬২ শতাংশ মার্কিনি

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে মস্কোর ওপর চাপ সৃষ্টি করার অংশ হিসেবে তাদের বাণিজ্য অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সমর্থন জানিয়েছেন অধিকাংশ মার্কিন নাগরিক। রয়টার্স ও ইপসোস পরিচালিত এক যৌথ জরিপে উঠে এসেছে এ তথ্য।

তিন দিনব্যাপী পরিচালিত জরিপটি শেষ হয় গত রোববার। এতে দেখা যায়, অংশগ্রহণকারী মার্কিনিদের ৬২ শতাংশ রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। এই কৌশলটি আংশিকভাবে গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি চীনসহ আরও কিছু দেশের ওপরও নিষেধাজ্ঞা সম্প্রসারণের হুমকি দিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে রূপ নেয়। বিশ্লেষকদের মতে, এ যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের ১০ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন, যার মধ্যে রয়েছে হাজারো বেসামরিক ইউক্রেনীয় নাগরিক।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন। আলাস্কায় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দিনেই সংঘাত বন্ধ করতে তিনি ব্যর্থ হয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় নোবেল পুরস্কার জেতার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

এরই মধ্যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে যুদ্ধ অর্থায়নে ভূমিকা রাখছে—এমন অভিযোগ তুলে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা কার্যত পরোক্ষ নিষেধাজ্ঞা হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি রাশিয়ার প্রধান তেল ক্রেতা চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা অন্যান্য দেশের ওপরও উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

রয়টার্স/ইপসোস জরিপে আরও দেখা গেছে, রিপাবলিকান দলের ৭৬ শতাংশ এবং ডেমোক্রেটদের ৫৬ শতাংশ রাশিয়ার বাণিজ্য অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা সমর্থন করেছেন।

এই জরিপে অংশ নেন ১,০২২ জন প্রাপ্তবয়স্ক মার্কিনি। সামগ্রিক ফলাফলের ত্রুটির হার ছিল ৩ শতাংশ। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট অংশের জন্য ত্রুটির হার ছিল ৬ শতাংশ।