tanaka
প্রচ্ছদজাতীয়প্রথম সরকারি সফরে সৌদি আরবে ধর্মমন্ত্রী

প্রথম সরকারি সফরে সৌদি আরবে ধর্মমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে সৌদি আরব গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ওমরাহ ও ভিজিট ফোরামে অংশগ্রহণের উদ্দেশ্যেই তার এ সফর।

শনিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়কমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিচ্ছেন ধর্মমন্ত্রী। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ফোরামটি অনুষ্ঠিত হবে।

ওমরাহ যাত্রীদের সেবার মান উন্নয়ন এবং অধিকসংখ্যক যাত্রী ও ভিজিটরদের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদনে সহায়তা করাই এ ফোরামের মূল লক্ষ্য। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ আয়োজন করছে।

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সফরকালে ধর্মমন্ত্রী ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া চলতি বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন।

একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেলসমূহও পরিদর্শন করবেন তিনি। সফর শেষে আগামী ৫ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার।