জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার গণরায়কে গুরুত্ব দিচ্ছে না এবং সংবিধানকে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করছে। তিনি বলেন, “সরকারের পক্ষে গেলেই সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলেই সংবিধানের বাইরে—এ ধরনের দ্বিমুখী অবস্থান আমরা আগেও দেখেছি।”
শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সংসদকে নিয়ন্ত্রণ করে সংবিধানকে দলীয়করণ করেছিল, এবং বর্তমান সরকার দলেও একই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নেমে নিজেদের মতামত জানাবে বলে তিনি সতর্ক করেন।
তিনি জোর দিয়ে বলেন, “এনসিপি শুধু সংসদে নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকেই উঠে এসেছি, তাই রাজপথের শক্তিকে কখনও উপেক্ষা করব না।”
সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ আন্দোলন দেশের অন্যান্য অঞ্চলের মতো নারায়ণগঞ্জেও অব্যাহত রাখতে হবে।
সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী এবং জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



