tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনশ্রাবন্তীর হুঁশিয়ারি: ট্রলিং ও এআই অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন

শ্রাবন্তীর হুঁশিয়ারি: ট্রলিং ও এআই অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য ও এআই ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বাকস্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। এমন সম্মানহানি রোধে প্রশাসনের হস্তক্ষেপ এবং কঠোর আইন প্রণয়নের প্রয়োজন।”

শ্রাবন্তী আরও বলেন, মানুষের ব্যক্তিগত হতাশা বা ক্ষোভ সামাজিক মাধ্যমে প্রকাশ করা কাম্য নয় এবং ট্রলিংয়েরও একটি সীমা থাকা উচিত। তিনি জানান, দীর্ঘদিন অনেক কিছু উপেক্ষা করেছেন, কিন্তু এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনরাও ট্রলিং ও অশালীন মন্তব্যের হাত থেকে রেহাই পাচ্ছেন না।

এছাড়া, অনেক ক্ষেত্রে নারীরাই অন্য নারীকে অসম্মান করছে। এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করা বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। এসব কারণে শ্রাবন্তী বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন।

অভিনেত্রীর হুঁশিয়ারি, সামাজিক মাধ্যমে যারা নাম-পরিচয় গোপন করে বা প্রকাশ্যভাবে গালিগালাজ ও অশালীন মন্তব্য করেন, তাদের সতর্ক করতে কঠোর আইন প্রয়োজন। তিনি বলেন, “আমিও সে পথেই হাঁটছি। শুধু নারী নয়, পুরুষরাও এসব আচরণের শিকার হচ্ছেন। তবে নারীদের বেশি লক্ষ্যবস্তু করা দীর্ঘদিনের এক অভ্যাস।”

তবু শ্রাবন্তী সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পক্ষপাতী নন। তার মতে, সেখানে তাকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা কম নয় এবং পেশাগত কারণে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা প্রয়োজন।