ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লার ওপর স্বেচ্ছায় আরোপ করা ২ হাজার কিলোমিটারের সীমাবদ্ধতা আর মানবে না ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এমন ঘোষণার পর ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তেহরান এখনো ইউরোপকে সরাসরি কোনো হুমকি দেয়নি। তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে দীর্ঘদিনের নীতি পরিবর্তনের ঘোষণাকে সতর্কবার্তা হিসেবেই দেখছে ইউরোপের বিভিন্ন দেশ।
গত শনিবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি জানান, ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে ২ হাজার কিলোমিটারের যে সীমা ইরান এত দিন মেনে চলছিল, তা আর বহাল থাকছে না। তবে দেশটির কাছে ইতোমধ্যে এই সীমার চেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। তাঁর বক্তব্য, সামরিক সক্ষমতা নিয়ে শুধু বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই নিজেদের অবস্থান তুলে ধরবে ইরান।
এর আগে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলের পক্ষ থেকে যেকোনো হুমকি এলে তার জবাব দিতে ইরান ভৌগোলিক সীমারেখার বিষয়টি বিবেচনায় নেবে না।
ইউরোপের কোন অঞ্চলগুলো ঝুঁকিতে?
বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিয়েই মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা ছাড়াও ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি দেশে আঘাত হানা সম্ভব বলে ধারণা করা হয়। সম্ভাব্য পাল্লার আওতায় রয়েছে পুরো আরব উপদ্বীপ, লেভান্ত অঞ্চল, মিশরের বড় অংশ এবং গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া।
তবে নতুন ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইউরোপে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো। ওয়াশিংটন ও তার মিত্রদের আশঙ্কা, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে দেওয়ার ফলে ভারত মহাসাগরসহ ইউরোপের আরও দূরবর্তী সামরিক ঘাঁটিও তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর আওতায় আসতে পারে।
গত মার্চে যুক্তরাজ্য অভিযোগ করেছিল, ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। যদিও এ অভিযোগ সরাসরি নাকচ করেছে ইরান।
২০১৯ সালে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির যৌথ মূল্যায়নে বলা হয়েছিল, ইরানের খোররামশাহর ক্ষেপণাস্ত্রের হালকা ওয়ারহেডযুক্ত একটি সংস্করণ প্রায় ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হতে পারে। এ ছাড়া ইরানের মহাকাশ কর্মসূচিতে ব্যবহৃত প্রযুক্তি কাজে লাগিয়ে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা নিয়েও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। তবে বর্তমানে ইরানের হাতে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই।
ক্ষেপণাস্ত্রনীতিতে পরিবর্তনের পেছনে কী কারণ?
বিশ্লেষকদের ধারণা, ইরানের এই সিদ্ধান্তের পেছনে সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিক হিসাবও রয়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে চাইছে তেহরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা বা ভবিষ্যৎ সমঝোতায় নিজেদের দর-কষাকষির অবস্থান আরও শক্তিশালী করাও এর উদ্দেশ্য হতে পারে।
দোহা ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ মুহানাদ সেলুম মনে করেন, ইরানের ঘোষণাটি ইউরোপের জন্য উদ্বেগের হলেও এখনই বড় ধরনের আতঙ্কের কারণ নয়। তবে তেহরান যদি ইউরোপকে সরাসরি প্রতিপক্ষ বা হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে, তাহলে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে স্বেচ্ছায় আরোপ করা সীমা তুলে নেওয়ার ঘোষণা কেবল সামরিক নীতির পরিবর্তন নয়; এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছেও নতুন কৌশলগত বার্তা পৌঁছে দিতে চাইছে ইরান।



