tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ভয়ভীতি প্রদর্শনের কূটনীতি’ চালানোর অভিযোগ পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ভয়ভীতি প্রদর্শনের কূটনীতি’ চালানোর অভিযোগ পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্র নতুন নতুন অস্ত্রের ভয় দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটনের এই অবস্থানকে ‘হুমকির কূটনীতি’ হিসেবে অভিহিত করে তিনি বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কারা তৈরি করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই দেশটির বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে। তবে এই যুক্তির সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, যুদ্ধের প্রথম দিনেই ইরানের ল্যামের্ড শহরের একটি ক্রীড়াকেন্দ্রে প্রিসিশন স্ট্রাইক মিসাইল দিয়ে হামলা চালানো হয়। এতে প্রাণ হারান ২১ জন সাধারণ নাগরিক।

এদিকে মার্কিন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন। শক্তিশালী এই বোমাটি ‘সকল বোমার জননী’ নামেও পরিচিত।

এ ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের বক্তব্যের মধ্যে অসংগতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, বিষয়টি কেবল আদর্শিক দ্বিমুখী নীতির উদাহরণ নয়, বরং অত্যন্ত লজ্জাজনক।

পেজেশকিয়ান বিশ্ববাসীর উদ্দেশে প্রশ্ন রাখেন, বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে আসল হুমকি কে সৃষ্টি করছে?

সূত্র: আল-জাজিরা