tanaka
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে এক দিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০

ডেঙ্গুতে এক দিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন। মৃত চারজনের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৭৮ জন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৪ জন। সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়, যা মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯০০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭৮০ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৪৯ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ২২৬ জন, রাজশাহীতে ১৯৮ জন, রংপুরে ১০৯ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।