দেশে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৪ জন রোগী। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ১ হাজার ১৯০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন করে মারা গেছেন।
একই সময়ে দেশের আট বিভাগে নতুন করে ১ হাজার ৪৬৪ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। বিভাগভিত্তিক রোগী ভর্তির পরিসংখ্যান হলো—
- ঢাকা: ৫৯৬ জন
- চট্টগ্রাম: ২৮৬ জন
- সিলেট: ১৮৬ জন
- খুলনা: ১০৮ জন
- বরিশাল: ১০৭ জন
- ময়মনসিংহ: ১০৭ জন
- রাজশাহী: ৩৫ জন
- রংপুর: ৪০ জন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।
এদিকে একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।



