ইরান সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি ও দুবাইয়ের কৌশলগত বন্দর এলাকা অবিলম্বে খালি করার জন্য হুঁশিয়ারি দিয়েছে। শনিবার (১৪ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান বিশেষ করে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশ থেকে মানুষদের ‘অবিলম্বে’ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
ইরান হুঁশিয়ারির কারণ হিসেবে জানিয়েছে, এই বন্দরগুলো এখন তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাসনিমের খবরে উল্লেখ করা হয়েছে, এসব এলাকায় মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনার মধ্যে অবস্থান করছে। ফলে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব স্থাপনাগুলো হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।



