মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলনকে এক কাতারে ফেলা উচিত নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি—এটির স্বতন্ত্র ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ন রাখতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার নানা অপব্যবহারের কারণে তরুণ প্রজন্মের একটি অংশ সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, তিতিক্ষা ও আত্মদানেই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে—এই সত্য নতুন প্রজন্মের সামনে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মৌলিক ভিত্তি এবং এর মর্যাদা অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



