পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই দেশের জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, দূরদর্শী ও জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে সহযোগিতা আরও জোরদার করতে ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। তার মতে, জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী উপায়ে সহযোগিতার ক্ষেত্রগুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, পারস্পরিক সুবিধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশ একসঙ্গে কাজ করতে চায়। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করা এবং বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে সমর্থনের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রত্যাশার কথাও জানান হাইকমিশনার।
ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও দ্রুত অগ্রগতির ইঙ্গিত দেন। তিনি বলেন, দুই দেশের মানুষের যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়ে ভারত আশাবাদী।



