আমাকে নানা বিষয়ে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে দাবি করা হয়, বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময় বিমানবন্দরে আটক হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী, নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। প্রতিবেদনে আরও বলা হয়, রহস্যজনক কারণে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেয়।
খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে শুরুতে এ বিষয়ে মেহজাবীন বা রাজীবের কোনো বক্তব্য পাওয়া যায়নি, ফলে জল্পনা-কল্পনা আরও বাড়তে থাকে।
অবশেষে আজ দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ খুলেছেন মেহজাবীন। তিনি বলেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল।”
তিনি ইঙ্গিত দেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। মেহজাবীন চৌধুরী মনে করেন, আবারো তার মানহানির চেষ্টা করা হচ্ছে। এই অভিনেত্রী বলেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক ব্যবহারের বিষয়টি উল্লেখ করে মেহজাবীন চৌধুরী বলেন, পাশাপাশি আরো উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। তার কথায়, নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।



