নেত্রকোনা সদর উপজেলার চারটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে প্রথম ঘটনা ঘটে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কয়েকজন দুর্বৃত্ত কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আগুন দেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলোর কয়েকটি বেঞ্চ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, আতঙ্ক সৃষ্টি করতে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসমা বিনতে রফিক বলেন, “কেন্দ্রগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। কেউ আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”



