tanaka
প্রচ্ছদসারাদেশসাত বছরের সংসারে বিচ্ছেদ, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

সাত বছরের সংসারে বিচ্ছেদ, সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে সন্তান না হওয়ার কারণে। স্বামীর সঙ্গে সংসার টিকিয়ে রাখতে শেষপর্যন্ত তাঁর পা ধরে কান্নাকাটি করে আকুতি জানিয়েছেন স্ত্রী। কিন্তু স্ত্রীর এমন অসহায় আবেদনও মন গলাতে পারেনি স্বামীর। শেষ পর্যন্ত সন্তান না হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় গ্রাম্য সালিশে উপস্থিত হয়ে স্বামীকে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করছেন ওই নারী। একপর্যায়ে স্বামীর পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। সংসার ভেঙে না দেওয়ার জন্য বারবার আকুতি জানালেও তাতে কোনো সাড়া দেননি স্বামী। শেষ পর্যন্ত সাত বছরের সম্পর্কের ইতি ঘটে বিচ্ছেদের মধ্য দিয়ে।

স্থানীয় সংবাদকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর পর ওই নারীর স্বামী জানতে পারেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এরপরই স্ত্রীর সঙ্গে আর সংসার না করার সিদ্ধান্ত নেন তিনি। সন্তান না হওয়ার বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়ে স্ত্রীকে তালাক দেন।

ভুক্তভোগী নারীর বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। অন্যদিকে তাঁর স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকায়। তবে বর্তমানে তাঁরা নরসিংদীতে বসবাস করছিলেন।

স্থানীয় সংবাদকর্মীদের কাছে বিচ্ছেদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই নারী।