চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক আচরণকে পুরো শিল্পী সমাজের জন্য বিব্রতকর ও কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, ব্যক্তিগত ক্ষোভ কিংবা রাগের কারণে প্রকাশ্যে কাউকে গালাগাল করা কোনো শিল্পীর জন্যই শোভনীয় নয়। এ ধরনের আচরণে শুধু সংশ্লিষ্ট ব্যক্তিই নন, সামগ্রিকভাবে শিল্পীদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন তিনি। এ সময় ওই সাংবাদিককে উদ্দেশ করে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে রিনা খান বলেন, রাগের মাথায় মানুষ অনেক সময় খারাপ কথা বলে ফেলতে পারে। তবে এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। একইভাবে তাঁদের সুনাম কিংবা দুর্নামের বিষয়টিও গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। তাই শিল্পীদের কথা বলা ও আচরণের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’
রিনা খানের মতে, কারও প্রতি ক্ষোভ বা অভিযোগ থাকলে তা প্রকাশ্যে অসম্মানজনক আচরণের মাধ্যমে প্রকাশ না করে ব্যক্তিগতভাবে জানানো উচিত। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর পাশাপাশি শিল্পীদের সামগ্রিক মর্যাদাও অক্ষুণ্ন থাকবে।



