রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন লঙ্ঘন বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, গত দুই দিনে রাজধানীতে ক্লিনিক ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, মিরপুর-১ এলাকায় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় এরই মধ্যে দ্রুত সময়ের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কেউ যদি সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা বা অন্য কোনো পরিচিত ব্যক্তির নাম কিংবা পরিচয় ব্যবহার করে অপরাধে জড়ায়, তাহলেও তাকে আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় সরকার কঠোর অবস্থানে থাকবে এবং তদন্তের ভিত্তিতে দ্রুত গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। আইন দ্রুত কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
দেশের অভ্যন্তরীণ শান্তি ও আইনের শাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলেও জানান মাহদী আমিন।
তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে কিংবা দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার তা কঠোরভাবে দমন করবে।



