ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করছেন, আর সেখান থেকেই দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টির চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা—এমন অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
তিনি অভিযোগ করেন, দেশে ফেরার পথ তৈরি করতে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সোহেল তাজ। পোস্টের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতা ও হামলার ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি সংবাদের ফটোকার্ডও যুক্ত করেন তিনি।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে পোস্টে সোহেল তাজ লেখেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন। পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।’
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তাঁর মতো কেউ আন্দোলন তৈরি করতে পারেন না। সোহেল তাজের দাবি, ওই আন্দোলনের অন্যতম উপাদান হিসেবে লাশকে ব্যবহার করতে চান শেখ হাসিনা। এ জন্য নিজের দলের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা ঘটিয়ে তা কাজে লাগিয়ে দেশে আরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং সরকার পতনের পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন, ‘এটাই হচ্ছে একজন “psychopath” (সাইকোপ্যাথ)-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।’
এদিকে গত ১২ দিনে দেশের অন্তত ২১টি জেলার ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণমাধ্যমকে দেওয়া তথ্যে বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।



