আইপিএল জয় করার পর সাধারণত দলের ভক্তদের সঙ্গে উদযাপনে মেতে ওঠে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে থাকে নানা ক্রিকেটীয় স্মৃতি আর প্রচারণা। তবে এবারের আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু ছিল সম্পূর্ণ নীরব—টানা ৮৬ দিন।
এই দীর্ঘ নীরবতার পেছনে ছিল এক হৃদয়বিদারক ঘটনা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ১১ জন ভক্ত, আহত হন আরও ৫৬ জন। কোহলি, হ্যাজলউডদের দলের জন্য এটি ছিল এক গভীর আঘাত।
এই ঘটনার পর শোক কাটিয়ে উঠতে সময় নেয় বেঙ্গালুরু। এমনকি ঘরোয়া মহারাজা টি-টোয়েন্টি ট্রফি আয়োজনের অনুমতিও পায়নি তারা। সেই আসর সরিয়ে নেওয়া হয় মাইসুরুর শ্রীকান্তদত্ত স্টেডিয়ামে।
তবে থেমে থাকেনি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। আসন্ন নারী বিশ্বকাপের কিছু ম্যাচ বেঙ্গালুরুর মাটিতে আয়োজনের জন্য তারা চালিয়ে যাচ্ছে জোর প্রচেষ্টা।



