মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে একটি গোলটেবিল বৈঠক ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এই অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, “তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে, পরবর্তী সিদ্ধান্ত সিনিয়র কর্মকর্তারা নেবেন।”
‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকীসহ কয়েকজন মুক্তিযোদ্ধা।
অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “অনুষ্ঠান চলাকালে ২০-২৫ জন যুবক এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে, তবে কেউ শারীরিকভাবে আক্রমণ করেনি।”
ঘটনার এক পর্যায়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে একটি দল অনুষ্ঠানস্থলে গিয়ে বিক্ষোভ করে এবং উপস্থিত ব্যক্তিদের ঘেরাও করে রাখে। মিলনায়তনে একটি টেবিল ভাঙার ঘটনাও দেখা গেছে।
এদিকে ‘মঞ্চ ৭১’ নামের এই নতুন প্ল্যাটফর্মটি মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিরা যুক্ত হয়েছেন। প্ল্যাটফর্মটির সমন্বয় করছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। গত ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঞ্চটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।



