tanaka
প্রচ্ছদরাজনীতিহাসিনা ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করবে না: মির্জা ফখরুল

হাসিনা ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করবে না: মির্জা ফখরুল

হাসিনা ইস্যু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিবের মতে, কোনো একক ইস্যুর কারণে দুই দেশের সম্পর্ক বাধাগ্রস্ত হওয়ার কথা নয় এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রযাত্রায় অন্তরায় হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম The Hindu-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা ভারতের নৈতিক দায়িত্ব। তবে তিনি স্পষ্ট করেন, তাকে ফেরত না পাঠালেও ভারতের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে। বরং ভবিষ্যতে আরও ইতিবাচক ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করা হবে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং তার সরকারের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধেও চলমান আইনি কার্যক্রম চালু থাকবে।

দুই দেশের সম্পর্কে জটিলতা থাকলেও সহযোগিতার ক্ষেত্র সংকুচিত হওয়া উচিত নয় বলে তিনি মত দেন। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও চীন-এর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে।

তিনি আরও স্মরণ করেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে অবস্থান করলেও, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ভারত সফর করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন।

ফখরুল বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি, ফারাক্কার পানি বণ্টন, সীমান্তে হত্যাকাণ্ডসহ অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। ভারতের সঙ্গে যুদ্ধের কোনো প্রশ্নই ওঠে না; বরং পারস্পরিক সম্মান ও সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা উচিত। ২০২৪ সালের সহিংস অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভারতের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল অবকাঠামো খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হবে ঋণের বোঝা হ্রাস, মেগা প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন এবং দেশের স্বার্থে কার্যকর প্রকল্পগুলো বহাল রাখা—এমনটাই জানিয়েছেন মির্জা ফখরুল।