tanaka
প্রচ্ছদরাজনীতিরাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: শফিকুর রহমান

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: শফিকুর রহমান

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে আড়ালে কী ধরনের কর্মকাণ্ড চলছে, তা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে যথাযথ জবাব না পেলে জনগণের আদালতে বিষয়টি তুলে ধরার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে নানা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে জামায়াতের সংগঠনও বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করেই দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দুনিয়ার অর্জন নয়, বরং আখিরাতই একজন মুমিনের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ বিশ্বাসকে সামনে রেখেই প্রতিদিনের জীবন পরিচালনা করতে হবে এবং সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে নৈতিকতা, আদর্শ এবং দ্বীনি মূল্যবোধ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে জামায়াত আমির বলেন, দায়িত্ব পালন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দক্ষতা আরও বাড়াতে হবে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটছে, তা অত্যন্ত চিন্তার বিষয়। এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যও জাতিকে হতাশ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শফিকুর রহমান বলেন, দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং সন্ত্রাসের কোনো জায়গা না থাকে, সেটিই জনগণের প্রত্যাশা।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের আত্মত্যাগ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এ বাস্তবতায় গণভোটের মাধ্যমে পাওয়া জনমতের প্রতিফলন ঘটানো এখন সময়ের অপরিহার্য দাবি।

সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে সবসময় ভূমিকা পালন করবেন তারা এবং কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস করবেন না।

এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে দলের অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও জানান জামায়াত আমির। তিনি বলেন, এ বিষয়ে তাদের অবস্থান দৃঢ় ও অনড় থাকবে, ইনশাআল্লাহ।

পূর্ববর্তী