প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর গত আট থেকে নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ড, উন্নয়নমূলক উদ্যোগ ও পরিবর্তনের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য দেন।
সভায় ইয়াসের খান চৌধুরী বলেন, বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সংবাদ প্রকাশ কিংবা কোনো সংবাদ প্রচার না করার বিষয়ে গণমাধ্যমকে সরকার কোনো ধরনের চাপ দেয় না। সাংবাদিকরা স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ ও সংবাদ পরিবেশন করতে পারবেন। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা, বাস্তবতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং তা সুরক্ষিত রাখতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।
সরকারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগের বিষয়ে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে সরকার। এসব বৈঠকের মাধ্যমে সাংবাদিকদের মতামত, সমস্যা ও দাবিগুলো জানার পাশাপাশি সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।’
এ সময় ২০২৫ সালের ১২ মে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বিষয়টিও তুলে ধরেন তিনি। ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এ সংক্রান্ত বিধিনিষেধ ও প্রজ্ঞাপনের নির্দেশনার প্রতি সংবাদমাধ্যমগুলোকে সতর্ক ও দায়িত্বশীল থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, প্রচার-প্রচারণা এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের সময় প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।
অনলাইন সংবাদমাধ্যমের দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইয়াসের খান চৌধুরী। তাঁর ভাষ্য, অনেক সময় বিদেশে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান কিংবা দেশের নাম উল্লেখ থাকে না। ফলে পাঠকদের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে এবং কেউ কেউ ঘটনাটিকে বাংলাদেশের বলে মনে করে আতঙ্কিত হতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে সংবাদ পরিবেশনের সময় ঘটনার সঠিক স্থান ও প্রেক্ষাপট স্পষ্ট করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম এবং হত্যার মতো ঘটনা পেশাজীবীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিল বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, দীর্ঘদিনের সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কিংবা কোনো ধরনের চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।
সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলোও তুলে ধরবেন।’
অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনার উপায় নির্ধারণে একটি কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, যথাযথ যাচাই-বাছাইয়ের পর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে এ প্রক্রিয়া দ্রুততম সময়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য বাজেট ও জনস্বার্থের বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতারা বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, পোর্টালের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়ার বিষয়গুলো উল্লেখযোগ্য। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর হাতে একটি লিখিত প্রস্তাবনাও তুলে দেওয়া হয়।
সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি.কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, সদস্য ও ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় এবং জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক বক্তব্য দেন।



