গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে অধ্যয়নরত তরুণ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে রাজধানীতে জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরে এ আয়োজন করে ‘আমরা নারী’ সংগঠন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা।
‘Educational Visit, Exclusive Knowledge-Sharing Session & Skill Development Experiential Learning Initiative’ শীর্ষক এ আয়োজনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো। পাশাপাশি গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম ও সরকারি প্রচারব্যবস্থা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আবদুর রহমান। সমাপনী পর্বে তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
এ সময় তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা সীমাবদ্ধ রাখলে চলবে না। বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। জ্ঞান বিনিময় পর্বে বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) সৈয়দ এ মোমেন। তারা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, সরকারি প্রচারব্যবস্থা, জনসচেতনতা তৈরির উদ্যোগ, কারিগরি সক্ষমতা এবং প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অন্যদিকে সাংবাদিকতা শিক্ষার একাডেমিক দিক নিয়ে আলোচনা করেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি বলেন, সাংবাদিকতায় দক্ষ হয়ে উঠতে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে।
আয়োজক সংগঠন ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে দায়িত্বশীল নাগরিক এবং যোগ্য পেশাজীবী তৈরি করা সম্ভব।
সংগঠনটির লক্ষ্য তুলে ধরে তিনি জানান, টেকসই উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করাই তাদের মূল দর্শন। বিশেষ করে ১৪ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও শিক্ষার্থীদের ক্ষমতায়নের মাধ্যমে মানবিক, সচেতন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করছে সংগঠনটি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের সংযোগ স্থাপনে শিক্ষাসফর ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি দেখা এবং অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম, সরকারি প্রচার, জনসচেতনতামূলক উদ্যোগ, গণমাধ্যমের দায়িত্ব এবং কারিগরি ও প্রশিক্ষণব্যবস্থা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। পাশাপাশি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রশ্নোত্তর পর্বে প্রাণবন্ত আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
আয়োজকদের মতে, তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং পারস্পরিক জ্ঞান বিনিময় অত্যন্ত প্রয়োজনীয়। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের সঙ্গে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে ‘আমরা নারী’র।



